ঢাকা: আসন্ন শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য একগুচ্ছ কঠোর বিধিনিষেধ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১৭ মার্চ) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন।
ওই নির্দেশনায় জানানো হয়েছে, নির্বাচনি আচরণবিধি ‘গুরুতর’ লঙ্ঘনের ক্ষেত্রে প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতা রাখছে কমিশন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়াকড়ি
- প্রচার শুরুর আগে প্রার্থীর ফেসবুক আইডি, অ্যাকাউন্ট বা ই-মেইল রিটার্নিং কর্মকর্তাকে জানাতে হবে।
- নির্বাচনি প্রচারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কারো চেহারা বিকৃতি, ভুল তথ্য বা বানোয়াট কনটেন্ট তৈরি করা যাবে না।
- কোনো জাতি, ধর্ম বা লিঙ্গের মানুষকে লক্ষ্য করে উসকানিমূলক বা কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা যাবে না।
- যেকোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা নিশ্চিত করতে হবে।
প্রচারণার নতুন নিয়ম: থাকছে না পোস্টার
- এবারের ভোটে পোস্টারের ব্যবহার থাকছে না। প্রচার সামগ্রীতে পলিথিন বা রেক্সিনের আবরণ এবং পিভিসি ব্যানার ব্যবহার করা যাবে না।
- একটি আসনে সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করা যাবে (মাপ: ১৬ ফুট বাই ৯ ফুট)। শুধুমাত্র ডিজিটাল বিলবোর্ডে আলোর ব্যবহার করা যাবে, তবে অতিরিক্ত আলোকসজ্জা নিষিদ্ধ
- প্রচারণার সময় শব্দের মাত্রা কোনোভাবেই ৬০ ডেসিমেলের বেশি হতে পারবে না।
ড্রোন ও প্রযুক্তির ব্যবহার
নির্বাচনি প্রচার বা ভোটের দিন কোনোভাবেই ড্রোন, কোয়াডকপ্টার বা এ জাতীয় কোনো আকাশযান ব্যবহার করা যাবে না। এছাড়া ভোটার স্লিপে প্রার্থীর নাম, ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না।
ইশতেহার ঘোষণার বিশেষ মঞ্চ
ইসি এবার প্রার্থীদের জন্য ‘এক মঞ্চে ইশতেহার’ ঘোষণার সুযোগ রেখেছে। রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট আসনের সব প্রার্থীকে নিয়ে একদিনে সবার ইশতেহার বা ঘোষণাপত্র পাঠ করার ব্যবস্থা করবেন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে গত ১২ ফেব্রুয়ারি প্রার্থীর মৃত্যুতে ভোট স্থগিত হয়েছিল। বর্তমানে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে বগুড়া-৬ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় এখানে উপ-নির্বাচন হচ্ছে। বর্তমানে ৩ জন প্রার্থী মাঠে রয়েছেন। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।