ঢাকা: সরকারি সহায়তা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (১৭ মার্চ) রাজধানীর সূত্রাপুর এলাকায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি সহযোগিতা দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় দেখা হবে না। ফ্যামিলি কার্ড কিংবা যেকোনো সহায়তার জন্য যারা যোগ্য, তারাই তা পাবেন। দল-মতের ঊর্ধ্বে থেকে সবার জন্য এই সহায়তা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং সহায়তার পরিধি আগের যেকোনো সময়ের তুলনায় বাড়ানো হয়েছে।
এ সময় তিনি দাবি করেন, জাতীয়তাবাদী দল সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে সরকার গঠনের পর সহায়তার কার্যক্রম আরও বিস্তৃত করা হয়েছে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।