Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর আলোচিত এএসপি শামীম আনোয়ারকে সিআইডিতে বদলি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৬:৩২ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ১৬:৩৪

শামীম আনোয়ার।

ঢাকা: নরসিংদীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে কঠোর অবস্থান নিয়ে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শামীম আনোয়ারকে জেলা পুলিশ থেকে সরিয়ে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির সই করা এক প্রজ্ঞাপনে এ বদলির বিষয়টি নিশ্চিত করা হলেও মূলত বুধবার (১৭ মার্চ) দিবাগত রাত থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছে।

দায়িত্ব পালনের সময় শামীম আনোয়ার একের পর এক অভিযানের মাধ্যমে নরসিংদীর চাঁদাবাজি ও মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তার এমন তৎপরতায় ব্যবসায়ী, পরিবহনশ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে।

বিজ্ঞাপন

তবে ২০২৫ সালের ৪ অক্টোবর চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় তিনি হামলার শিকার হয়ে গুরুতর আহত হন। এ ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে, যা একজন পুলিশ কর্মকর্তার ক্ষেত্রে বিরল ঘটনা হিসেবে বিবেচিত হয়।

এছাড়াও সম্প্রতি এক কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুর মোহাম্মদ ওরফে নুরাকে ভারতে পালানোর সময় প্রায় দুই কিলোমিটার ধাওয়া করে গ্রেফতার করে তিনি ব্যাপক প্রশংসা কুড়ান। এর আগে পলাশে নারীযাত্রী ধর্ষণের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেফতার করে তিনি দক্ষতার পরিচয় দেন।

পেশাগত জীবনের আগের সময়গুলোতেও সাহসিকতার স্বাক্ষর রেখেছেন এই পুলিশ কর্মকর্তা। নরসিংদীতে দায়িত্ব পালনকালে তার একটি বক্তব্য ব্যাপক আলোচনায় আসে— “নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই।”

এ সময় তিনি দুর্নীতিবাজ পুলিশ সদস্যদের বিরুদ্ধেও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।

শামীম আনোয়ারের বদলির খবরে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তার কঠোর অবস্থানের কারণেই তিনি সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন।

এ ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নরসিংদীতে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেন। তার নেতৃত্বেই নরসিংদীতে সুষ্ঠু ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/ইউজে/ইআ
বিজ্ঞাপন

আরো