Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা অনুদান পাবেন, আবেদনের সময় বাড়ল

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৩:৩৫

শিক্ষা মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ আর্থিক অনুদানের আবেদনের সময়সীমা বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের এই অনুদানের জন্য আগামী ১৬ এপ্রিল ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এর আগে, আবেদনের শেষ সময় ছিল ১৭ মার্চ। মন্ত্রণালয় জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পরিচালন বাজেটের আওতায় ‘সংশোধিত নীতিমালা-২০২৫’ অনুসরণ করে এই অনুদান দেওয়া হবে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব স্বীকৃত বেসরকারি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান (এমপিও ও নন-এমপিও) প্রতিষ্ঠানের মেরামত, সংস্কার, পাঠাগার স্থাপন, আসবাবপত্র ক্রয় ও খেলাধুলার সরঞ্জামের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে অনগ্রসর এলাকার ভালো মানের প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার পাবে।

বিজ্ঞাপন

এছাড়া বেসরকারি শিক্ষক-কর্মচারীরা দুরারোগ্য ব্যাধি বা দৈব দুর্ঘটনার সহায়তায় এবং সরকারি-বেসরকারি উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শিক্ষা ব্যয় ও চিকিৎসার জন্য আবেদন করতে পারবেন। দুস্থ, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মেধাবী শিক্ষার্থীরা এই প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব পাবেন।

আগ্রহী প্রার্থীদের ‘মাইগভ’ (MyGov) প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে আবেদন সম্পন্ন করতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের ক্ষেত্রে ব্যানবেইসের সর্বশেষ বার্ষিক শিক্ষা জরিপ-২০২৫ এ ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। অনুদানের অর্থ সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের ক্ষেত্রে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে। তবে কোনো এজেন্ট বা মার্চেন্ট নম্বর গ্রহণ করা হবে না। জেলা পর্যায়ের কমিটি আবেদনগুলো যাচাই-বাছাই করে আগামী ৬ মে এর মধ্যে মন্ত্রণালয়ে পাঠাবে।

উল্লেখ্য, অসম্পূর্ণ বা সরাসরি কাগজে জমা দেওয়া কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর