ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য জাতীয় ঈদগাহে নারী ও পুরুষসহ ৪০ হাজার লোকের নামাজের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, এবারের ঈদটা একটু ভিন্ন আনন্দ বয়ে আনছে। এবার প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে আমাদের সঙ্গে নামাজ আদায় করবেন। মন্ত্রিপরিষদ সহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এখানে ৪০ হাজার লোকের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে। নারীদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। সবাই সুন্দরভাবে নামাজ আদায় করতে আসবো।
আব্দুস সালাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাতটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।
এসময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এবারের ঈদ জামাত অন্যরকম হবে। কারণ, রাষ্ট্রপতি এখানে নামাজ আদায় করবেন। এছাড়া, দীর্ঘদিন পর রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন।
ঈদযাত্রা কোনো ভোগান্তি হচ্ছে কিনা প্রশ্নে তিনি বলেন, এবার ঈদযাত্রা বাসে, ট্রেনে আল্লাহর রহমতে ভালো ও সুন্দর হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
তিনি আরও বলেন, সকাল সাড়ে ৮টায় নামাজ আদায় করা হবে। যারা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে নামাজ আদায় করতে চান তারা সকাল সকাল চলে আসবেন। দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানাচ্ছি।