Saturday 21 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২৬ ১২:২২

ঢাকা: দেশজুড়ে টানা ৩০ দিন (এক মাস) সিয়াম সাধনা ও ইবাদত-বন্দেগির পর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত রাজধানী ঢাকায় সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সেখানে প্রধান জামাতে অংশ নিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন।

ঈদের প্রধান জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।

এদিকে, নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্য ভবন, প্রেসক্লাব এবং শিক্ষা ভবন মোড়ে ব্যারিকেড দেওয়া রয়েছে, যেন কোনো যানবাহন ঈদগাহ এলাকায় প্রবেশ করতে না পারে। প্রবেশমুখে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহারের পাশাপাশি সিটিটিসির ডগ স্কোয়াড এবং স্পেশাল ব্রাঞ্চের সুইপিং টিম মোতায়েন করা হয়েছে। প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিচারপতিরা, মন্ত্রিসভার সদস্য ও মুসলিম বিশ্বের কূটনীতিকরা অংশগ্রহণ নেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রতিবছরের মতো এবারও ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

এদিকে জাতীয় সংসদের সংসদের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের স্পিকার, চিফ হুইপ, হুইপ, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ-সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ মুসল্লিরা এই জামায়াতে অংশ নেন। এই ঈদ জামায়াত সবার জন্য উন্মুক্ত রয়েছে। জামায়াতে আগ্রহী মুসল্লিদের অংশগ্রহণের জন্য সংসদ সচিবালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদ-উল-ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় আর দ্বিতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হয়।

এছাড়া, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে এ বছর এক হাজার ৭৭১টি ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১২১টি ঈদগাহ ও ১ হাজার ৫৯৯টি মসজিদে এসব ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ঢাকার বাইরে ঈদের বড় জামাত:

রাজধানী ঢাকার বাইরে চট্টগ্রাম নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। এখানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রথম জামাত শুরু হয় সকাল ৮টায়। দ্বিতীয় জামাত সকাল পৌনে ৯টায়। চট্টগ্রাম সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আরেকটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এ ছাড়া ঈদের বড় জামায়াত অনুষ্ঠিত হয় দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে। সকাল ৯টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল ফিতরের বড় জামাতের জন্য কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানেও এবার ১৯৯তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের জন্য এ বছর পাঁচ স্তরের নিরাপত্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের দিন সকাল ১০টায় ঐতিহ্য ও রেওয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে পরপর তিনবার বন্দুকের ফাঁকা গুলি ছোড়া হয়। এরপর ময়দানে শুরু হয় ঈদুল ফিতরের জামাত।

সারাবাংলা/এমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর