ঢাকা: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রাঙ্গণে মানুষের ঢল নেমেছে। শনিবার (২১ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ভোর থেকেই সর্বস্তরের মানুষ যমুনার সামনে জড়ো হতে শুরু করেন।
নির্ধারিত সময় সকাল দশটায় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই এলাকায় ব্যাপক ভিড় সৃষ্টি হয়। সকাল সাড়ে ৮টার দিকে সাধারণ মানুষের জন্য প্রবেশপথ খুলে দিলে মুহূর্তেই জনসমাগম আরও বেড়ে যায়। সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক এবং রাজনৈতিক নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

দেশি-বিদেশি অতিথি, কূটনীতিক, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ সর্বস্তরের উপস্থিতিতে সরগরম যমুনায়। ছবি: সারাবাংলা
একপর্যায়ে মানুষের এই স্রোত যমুনা প্রাঙ্গণ ছাড়িয়ে আশপাশের সড়কে ছড়িয়ে পড়ে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত বিস্তৃত হয়। ভিড় সামাল দিতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি দেখা যায়।
এর আগে, সকালে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে অংশ নিয়ে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নামাজ শেষে প্রধানমন্ত্রী যমুনায় এসে দেশি-বিদেশি অতিথি, কূটনীতিক, শিক্ষাবিদসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন।
উল্লেখ্য, দীর্ঘ সময় বিদেশে অবস্থানের পর দেশে ফিরে এ বছরই প্রথমবারের মতো ঈদ উদযাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে সরাসরি ঈদের শুভেচ্ছা বিনিময়ের এই সুযোগকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে দেখা গেছে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস।