Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক-এগারোর আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১০:০৩ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১০:৩৬

সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী।

ঢাকা: এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা এবং ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে।

ডিবির আরেকজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে সারাবাংলাকে জানান, রাত আড়াইটার দিকে রাজধানীর বারিধারার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ফেনীতে বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাছাড়া বিদেশে মানবপাচারের অভিযোগও আছে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

তাকে আজই কি ফেনীতে পাঠানো হবে জানতে চাইলে ডিবির এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘এখনো সিদ্ধান্ত হয়নি। সাবেক এই এমপির বিরুদ্ধে ঢাকায় কোনো মামলা আছে কি-না যাচাই করা হচ্ছে। যদি মামলা থাকে তাহলে সেই মামলায় গ্রেফতার দেখানো হবে।’

মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তার মেয়াদ তিন দফায় বাড়ানো হয়।

২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে পাঁচ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করেন মাসুদ উদ্দিন। নির্বাচনের আগেই তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

বিজ্ঞাপন

চাকরি দিচ্ছে বিকাশ
২৪ মার্চ ২০২৬ ০৯:২২

আরো

সম্পর্কিত খবর