Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে মানবপাচার মামলায় গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৪:১৫ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৫:০৩

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী।

ঢাকা: এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা এবং ফেনী-৩ আসনের (সোনাগাজী-দাগনভূঞা) সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচার মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানায় মানব পাচার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও, তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, হত্যাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। আর ফেনীতে দায়ের করা বৈষম্যবিরোধী একটি মামলায় তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সাবেক এই সেনা কর্মকর্তার গ্রামের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামে।
এর আগে, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতে রাজধানীর বারিধারার ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।
মাসুদ উদ্দিন চৌধুরী ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন। তিনি এক-এগারোর পটপরিবর্তনে অন্যতম প্রধান ভূমিকায় ছিলেন। তখন তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হন। পদোন্নতি পেয়ে লেফটেন্যান্ট জেনারেল হন। এই কমিটির অধীনই তখন দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।
২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তার মেয়াদ তিন দফায় বাড়ানো হয়।
২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তার আগে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে পাঁচ দিনের মাথায় দল পরিবর্তন করে জাতীয় পার্টির মনোনয়নে নির্বাচন করেন মাসুদ উদ্দিন। নির্বাচনের আগেই তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর