ঢাকা: বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩টায় মন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।
সাক্ষাতে আলোচনায় দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। বিশেষ করে বিমান ও পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়।
পাকিস্তান বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। রাষ্ট্রদূত ঢাকা–লাহোর রুটে ফ্লাইট চালুর বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া, পর্যটন খাতের উন্নয়নে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। মন্ত্রী ও প্রতিমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।