ঢাকা: রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মায় বাস ডুবে যাওয়ার ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শেখ রবিউল আলম।
বুধবার (২৫ মার্চ) দিনগত রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, দুর্ঘটনার পরপর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা চালায়।
মন্ত্রী বলেন, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।