Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরান-ইসরাইল যুদ্ধ
কাল মধ্যপ্রাচ্যে যাচ্ছে না ১৮টি ফ্লাইট, ৩১দিনে বাতিল ৮৫৮টি

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ২১:১৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার আরও ১৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে ৩১ দিনে ৮৫৮টি ফ্লাইট বাতিল করা হলো।

রোববার (২৯ মার্চ) রাতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ তথ্য জানিয়েছে।

বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, ‘গত ২৮ ফেব্রুয়ারি থেকে আগামীকাল ৩০ মার্চ পর্যন্ত নিরাপত্তা জনিত কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানে ৮৫৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আগামীকাল সোমবার (৩০ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, কুয়েত এয়ারওয়েজের দু’টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) চারটি, গালফ এয়ার (বাহরাইন) দু’টি, কাতার এয়ারওয়েজ চারটি, এমিরেটস এয়ারলাইনস দু’টি এবং জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) চারটি ফ্লাইট।

এদিকে, ফ্লাইট বাতিলের এই পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে আগামীকাল সোমবার (৩০ মার্চ) পর্যন্ত মোট পরিচালিত ও পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা ছিল ১ হাজার ১৯০টি। এ সময়ে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী বিভিন্ন ফ্লাইট চলাচল করেছে।

মুহাম্মাদ কাউছার মাহমুদ বলেন, ‘৩০ মার্চ মোট ৫০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ছয়টি, সৌদি আরবগামী ২৩টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২১টি ফ্লাইট রয়েছে। ইউএইগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাই ১২টি, আবুধাবি ৪টি এবং শারজাহগামী পাঁচটি ফ্লাইট অন্তর্ভুক্ত।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর