ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদোন্নতি, নিয়োগ ও প্রেষণ (এপিডি) অনুবিভাগের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব মো. আকনুর রহমান।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। দীর্ঘদিন ধরে শূন্য থাকা এই সংবেদনশীল ও নীতি-নির্ধারণী পদে পদায়নের মধ্য দিয়ে প্রশাসনের ভেতরের চলমান প্রশাসনিক স্থবিরতা ও অনিশ্চয়তার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।
নবসৃজিত এপিডি প্রধান মো. আকনুর রহমান তার দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্মসচিব, পরিকল্পনা মন্ত্রণালয়ে পরিচালক, বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) এবং বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) সুনামের সঙ্গে কাজ করেছেন।
এ ছাড়াও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়সহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। বিশেষ করে সরকারি ক্রয় ব্যবস্থাপনা বিষয়ে ড. আকনুর রহমান একজন জাতীয় পর্যায়ের প্রশিক্ষক হিসেবে সচিব ও অতিরিক্ত সচিবসহ প্রশাসনিক মহলে বিশেষভাবে সমাদৃত।