ঢাকা: জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে জুলাই সনদ ও গণভোটের কোনো প্রতিফলন নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
রোববার (২৯ মার্চ) বিকেলে সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। সংসদের নিয়মিত ও দৈনন্দিন অন্য সব কার্যক্রমের আগে জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর আলোচনা হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম তার বক্তব্যে প্রশ্ন তোলেন যে, ‘এই সংসদ কীভাবে গঠিত হয়েছে তা যেন সবাই ভুলে যাচ্ছে।’ তিনি স্মরণ করিয়ে দেন যে, ‘জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি এখানে একটি গণভোট অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে সংসদের কার্যক্রম দেখলে মনে হচ্ছে এমন কিছুই যেন ঘটেনি।’
নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, ‘বিষয়টি অন্য যেকোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুর তুলনায় সবচেয়ে বেশি গুরুত্বসহকারে এই সংসদে আলোচনা হওয়া প্রয়োজন এবং এর একটি যৌক্তিক সুরাহা হওয়া জরুরি।’ জুলাই সনদ ও গণভোটের ইস্যুটির সমাধান হওয়ার পরই সংসদের নিয়মিত দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করা সংগত বলে তিনি মনে করেন।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি জানান, বিধি মোতাবেক বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে এরই এ বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে। তিনি স্পিকার ও হাউজের প্রতি জোরালো আবেদন জানিয়ে বলেন, ‘জনগুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর যেন অগ্রাধিকার ভিত্তিতে আগে আলোচনা করা হয়।’ এই দাবি বাস্তবায়নের মাধ্যমেই সংসদের প্রকৃত জনআকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।