Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউএনওপিএস প্রতিনিধি দলের সঙ্গে সমাজকল্যাণমন্ত্রীর বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২২:৪৮

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও ইউএনওপিএস’র কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরন

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের সংস্থা ইউএনওপিএস’র একটি প্রতিনিধি দল।

বুধবার (১ এপ্রিল) ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত এই সংস্থার কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলটি এই বৈঠকে মিলিত হন।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড ইউনিভার্সাল সিস্টেমে প্রতিটি পরিবারের নারী প্রধানকে দেওয়া হবে।

বিজ্ঞাপন

মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ এই কর্মসূচির উদ্বোধন করেছেন এবং এ পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭টি পরিবারের নারী প্রধানকে ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছে; যারা প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের নারী প্রধানের নামে এই কার্ড ইস্যু করা হবে যা হবে প্রতিটি পরিবারের নারীর জন্য একটি সম্মানজনক নাগরিক স্বীকৃতি।

মন্ত্রী দরিদ্র ছেলে এবং মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কেয়ারগিভার তৈরির বিষয়েও আলোকপাত করেন।

বৈঠকে ইউএনওপিএস এর প্রতিনিধি সুধীর মুরালিধরন সরকারের এই উদ্যোগকে সামাজিক সুরক্ষা কর্মসূচির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানান।
তিনি ফ্যামিলি কার্ড দেওয়ার কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেওয়াসহ সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

সারাবাংলা/এফএন/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর