ঢাকা: বগুড়া-৬ আসনের আসন্ন উপনির্বাচনে ভোটারদের আঙুলে অমোচনীয় কালি লাগানো নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। মূলত পূর্ববর্তী নির্বাচনের কালির দাগ মুছে না যাওয়ায় ভোটগ্রহণে যাতে কোনো জটিলতা তৈরি না হয়, সেজন্যই এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।
রোববার (৫ এপ্রিল) নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়। এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের এই নির্দেশনা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।
ওই নির্দেশনায় বলা হয়, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যারা ভোট দিয়েছেন, তাদের আঙুলে এখনো কালির দাগ থেকে থাকতে পারে। এক্ষেত্রে ঐ নির্দিষ্ট আঙুলের পরিবর্তে হাতের অন্য যেকোনো আঙুলে কালি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এ ছাড়া ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যারা ভোট দেননি বা যাদের আঙুলে কোনো দাগ নেই, তাদের ক্ষেত্রে আগের নিয়ম অনুযায়ী নির্ধারিত আঙুলেই কালি লাগানো হবে।
আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই আসনে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।