Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার জুলাই যোদ্ধাদের পাশে থাকবে: প্রধানমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২৩:৪০ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ০১:২৯

জুলাই আন্দোলনে শহিদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার সব সময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে।

রোববার (৫ এপ্রিল) সন্ধ্যায় মাগরিবের নামাজের বিরতির সময়ে দর্শক গ্যালারিতে বসে থাকা জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের শহিদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে কথা বলার সময়ে প্রধানমন্ত্রী এই কথা বলেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, অধিবেশনের ফাঁকে দর্শক গ্যালারিতে থাকা শহিদ পরিবার ও আহতদের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তিনি তাদের খোঁজ-খবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা অধীর আগ্রহে মনোযোগ নিয়ে শুনেন এবং সমাধানের আশ্বাস দেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে।

বিজ্ঞাপন

কোনো প্রটোকলের দূরত্ব নয়, বরং একেবারে কাছাকাছি গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। অনেকের চোখে এখনো না শুকানো বেদনার ছাপ, কারো মুখে ক্লান্তির ছায়া। প্রধানমন্ত্রী একে একে সবার খোঁজ-খবর নেন। কারো সন্তানের কথা শুনে থমকে যান, কারো চিকিৎসার অগ্রগতি জানতে চান।

আতিকুর রহমান রুমন বলেন, সারাদেশ থেকে আসা প্রায় ৬০ জন জুলাই গণআন্দোলনের সঙ্গে সম্পৃক্ত পরিবারের সদস্য এ সময় সংসদের দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন। এর মধ্যে ২৬ জন শহিদ পরিবারের সদস্য, বাকী সবাই জুলাই গণআন্দোলনে সরাসরি অংশ নিয়ে আহত হয়েছিলেন। অনেকে এখনো চিকিৎসা নিচ্ছেন। তারা প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী একে একে তাদের সবার কথা শোনেন। কথা বলার সময়ে প্রধানমন্ত্রীর সামনে কয়েকজন কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী এ সময় মাথায় হাত বুলিয়ে তাদের সান্ত্বনা দেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর