Monday 06 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম একনেক সভা আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ০৯:০৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা: বিএনপি সরকার গঠনের পর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম গুরুত্বপূর্ণ বৈঠক আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষের সভাশেষে প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে।

নতুন সরকারের প্রথম এই সভায় মোট ১৭টি প্রকল্প উপস্থাপনের তালিকা চূড়ান্ত করা হয়েছে, যার মধ্যে ৯টি সম্পূর্ণ নতুন এবং বাকিগুলো সংশোধিত বা চলমান। এছাড়া, বৈঠকে পরিকল্পনামন্ত্রীর অনুমোদিত আরও ৩৩টি ক্ষুদ্র ও মাঝারি প্রকল্প একনেক সদস্যদের অবহিত করার জন্য উত্থাপন করা হবে বলে পরিকল্পনা কমিশন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

আজকের সভার আলোচ্য সূচিতে থাকা প্রকল্পগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ বেশ কিছু অবকাঠামোগত ও সেবামূলক উদ্যোগ রয়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ এবং স্থানীয় সরকার বিভাগের ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ ও ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪’ উল্লেখযোগ্য।

এছাড়া, গ্রামীণ উন্নয়নে গুরুত্ব দিয়ে ‘অংশীদারিত্বমূলক পল্লি উন্নয়ন (চতুর্থ পর্ব)’ এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন’ প্রকল্প তালিকায় স্থান পেয়েছে। স্বাস্থ্যখাতে বড় সংস্কারের অংশ হিসেবে দেশের আটটি বিভাগীয় শহরের মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত ডায়াগনস্টিক সেন্টার স্থাপন এবং গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল নির্মাণ প্রকল্পও আজ অনুমোদনের টেবিলে উঠছে। একইসঙ্গে, সচিবালয়ের প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে ২১ তলাবিশিষ্ট নতুন অফিস ভবন নির্মাণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের আবাসন সংকট নিরসনে আবাসিক নিবাস নির্মাণের প্রস্তাবটিও গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।

পরিবহন ও যোগাযোগ খাতের উন্নয়নে একনেক সভায় বেশ কয়েকটি মেগা প্রকল্প উপস্থাপিত হতে যাচ্ছে। এর মধ্যে বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর জাতীয় মহাসড়ক প্রশস্তকরণ, বরিশাল থেকে দুমকী সড়কের গোমা সেতু নির্মাণ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পার্বত্য জেলার সীমান্ত সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায় অন্যতম। এছাড়া, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ময়মনসিংহ বিভাগে পাঁচটি বিশেষ সেতু নির্মাণ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের প্রস্তাব সভায় আসবে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়, বিদ্যুৎ বিভাগ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে অনুমোদিত ৩৩টি প্রকল্প একনেকে অবগত করণের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। নতুন সরকারের এই প্রথম নীতি-নির্ধারণী সভায় উন্নয়ন প্রকল্পের গুণগত মান ও দ্রুত বাস্তবায়নকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর