চট্টগ্রাম: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতা ও সংকটের মধ্যেই স্বস্তির খবর দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় রয়েছে আরও দু’টি জাহাজ।
সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বন্দর কর্তৃপক্ষ জানায়, এর মধ্যে ‘কুল ভয়েজার’ নামে নাইজেরিয়া থেকে আসা জাহাজে রয়েছে এলএনজি। জাহাজটির স্থানীয় এজেন্ট ইন্টারপোর্ট। এ ছাড়া, এলপিজি নিয়ে গ্যাস জার্নি জাহাজটি এসেছে চীন থেকে। এর স্থানীয় এজেন্ট ইউনাইটেড শিপিং। খালাস কার্যক্রম শেষে দু’টি জাহাজই বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ রেফায়েত হামিম জানান, এলপিজি ও এলএনজি নিয়ে দু’টি জাহাজ এখন চট্টগ্রাম বন্দরের জলসীমায় রয়েছে। যে কোনো সময় খালাস কার্যক্রম শুরু হবে। তবে জাহাজ দু’টিতে কী পরিমাণ জ্বালানি রয়েছে, তা তিনি জানাতে চাননি।
তিনি আরও জানান, সবমিলিয়ে বর্তমানে চারটি জাহাজ থেকে জ্বালানি খালাস চলছে। এর মধ্যে ৩১ মার্চ ভারত থেকে এলপিজি নিয়ে ‘গ্যাস চ্যালেঞ্জার’ নামে একটি জাহাজ এসেছে এবং ৩ এপ্রিল মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ নামে একটি জাহাজ এসেছে। ‘গ্যাস চ্যালেঞ্জার’ থেকে এলপিজি খালাস করা হচ্ছে ভাটিয়ারিতে। অন্যদিকে, ‘শ্যান গ্যাং ফা শিয়ান’ জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে অবস্থান করছে।