Thursday 09 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত নিহত ৭ বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৬ ১২:৪৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ১৩:৩১

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

ঢাকা: চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেইটে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলম ভূঁইয়ার মরদেহ গ্রহণের সময় তিনি এ তথ্য জানান।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, পাশাপাশি ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

তিনি বলেন, আজ আমরা শাহ আলমের মরদেহ গ্রহণ করলাম। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি এবং পরিবারের জন্য শক্তি প্রার্থনা করি।

বিজ্ঞাপন

সরকার শুরু থেকেই যুদ্ধপ্রবণ এলাকায় থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানান তিনি। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে থাকা বাংলাদেশ মিশনগুলো সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করছে।

তিনি আরও বলেন, শাহ আলম ভূঁইয়া ছিলেন বৈধ (ডকুমেন্টেড) কর্মী। এ কারণে তার পরিবারকে সরকার থেকে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে ইনস্যুরেন্স না থাকায় ১০ লাখ টাকার অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে না। জাতিসংঘের সার্টিফিকেশন প্রক্রিয়া শেষে এই সহায়তা হস্তান্তর করা হবে।

এছাড়া তাৎক্ষণিক সহায়তা হিসেবে মরদেহ পরিবহন ও দাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং ইরান সংকটজনিত বিশেষ অনুদান হিসেবে ৫০০ ডলার সমমূল্যের অর্থ ইতোমধ্যে পরিবারের হাতে দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, নিহত সাতজনের মধ্যে এটি দেশে আনা পঞ্চম মরদেহ। একজনকে ঘটনাস্থলেই দাফন করা হয়েছে এবং আরেকজনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া এখনও চলমান।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু মরদেহ দেশে আনা নয়, বরং বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা, প্রয়োজন হলে দেশে প্রত্যাবর্তন এবং পুনর্বাসন নিয়েও কাজ চলছে।

মরদেহ গ্রহণের সময় শাহ আলমের স্বজনরা উপস্থিত ছিলেন। শোকাহত পরিবার এখন সরকারের সহায়তা ও সহমর্মিতার মধ্যেই কিছুটা সান্ত্বনা খুঁজছে।

সারাবাংলা/একে/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর