ঢাকা: আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকায় বিশ্বের দূষিত শহরগুলোর মধ্যে শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
কয়েক দিন ধরে দূষণের মাত্রা কিছুটা ওঠানামা করলেও শনিবার (১১ এপ্রিল) সকালের তথ্য অনুযায়ী, সকালে ঢাকার বায়ুমানের স্কোর দাঁড়িয়েছে ১৮৬, যা জনস্বাস্থ্যের জন্য সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
গতকাল শুক্রবারও ঢাকার বায়ুমান প্রায় একই পর্যায়ে ছিল এবং শহরটি তালিকার দ্বিতীয় অবস্থানে থাকলেও আজ তা শীর্ষস্থান দখল করেছে। গতকাল শহরটির স্কোর ছিল ১৮৭, যা আজও ঢাকাবাসীর জন্য উদ্বেগজনক অবস্থায় রয়েছে।
আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ১৫৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম অবস্থানে রয়েছে, যেখানকার বাতাসও সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর বলে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে দেশটির রাজধানী দিল্লির অবস্থান আজ সপ্তম এবং স্কোর ১৪৪, যা মূলত সংবেদনশীল গোষ্ঠীর জন্য ঝুঁকিপূর্ণ। তবে পাকিস্তানের বড় শহরগুলোতে বায়ুমানের উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে।
গত শুক্রবার তালিকার সপ্তম ও অষ্টম অবস্থানে থাকা করাচি এবং লাহোর আজ যথাক্রমে ২২ ও ২৩ তম অবস্থানে নেমে এসেছে। শহর দুটির বায়ুমান স্কোর বর্তমানে ৮৬, যা সেখানকার বাসিন্দাদের জন্য মোটামুটি ভালো পরিবেশ নির্দেশ করছে।
বিশ্বের অন্যান্য শহরের মধ্যে দ্বিতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের হেনোয়ের স্কোর ১৮৫ এবং তৃতীয় স্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই ১৭৮ স্কোর নিয়ে ঢাকার ঠিক পরেই অবস্থান করছে। ইন্দোনেশিয়ার জাকার্তা এবং মিশরের কায়রো যথাক্রমে ১৫৯ ও ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ ও ষষ্ঠ অবস্থানে থেকে অস্বাস্থ্যকর বায়ুমানের তালিকায় নিজেদের নাম বজায় রেখেছে। চীনের শহরগুলোর মধ্যে হুয়াংজু ও শাংহাই ১৪৩ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে এবং উহান ১১০ স্কোর নিয়ে ১১তম স্থানে রয়েছে। এই তিনটি শহরের বায়ুমানও সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য নিরাপদ নয় বলে জানানো হয়েছে।
বায়ুমান বা একিউআই (AQI) স্কোর অনুযায়ী শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে তাকে ভালো বলা হয় এবং ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি হিসেবে গণ্য করা হয়। তবে স্কোর যখনই ১৫১ থেকে ২০০ এর ঘরে পৌঁছায়, তখন সেটি সাধারণ মানুষের জন্য সরাসরি ‘অস্বাস্থ্যকর’ হয়ে ওঠে।
স্কোর ২০১ থেকে ৩০০ এরমধ্যে গেলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়। এমন পরিস্থিতিতে শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া স্কোর ৩০০ ছাড়িয়ে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ ক্যাটাগরিতে পড়ে, যা নগরবাসীর জন্য মারাত্মক এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বর্তমান প্রেক্ষাপটে ঢাকাবাসীর জন্য বাতাসের মান অস্বাস্থ্যকর হওয়ায় বাইরে বের হওয়ার সময় মাস্ক ব্যবহারসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সতর্কবার্তা মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। মূলত ধূলিকণা ও ধোঁয়ার আধিক্যের কারণেই ঢাকার বাতাসের মান এমন বিপজ্জনক পর্যায়ে রয়েছে।