Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

স্বরাষ্ট্রমন্ত্রী ‘মব কালচার’ শেষ করার ঘোষণা দিলেও থামাতে ব্যর্থ: এনসিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ০৮:২৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

ঢাকা: কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগে একটি মাজারে বর্বরোচিত হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই নৃশংস হামলায় কথিত পীর শামীম রেজা জাহাঙ্গীর নিহত হয়েছেন। উগ্রবাদী একদল উচ্ছৃঙ্খল ব্যক্তির দ্বারা সংঘটিত এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শনিবার (১১ এপ্রিল) রাতে দলের যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এনসিপি সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে, ধর্ম অবমাননা বা এই জাতীয় যেকোনো সংবেদনশীল অভিযোগের তদন্ত ও বিচারের একমাত্র বৈধ কর্তৃপক্ষ হলো দেশের প্রচলিত আদালত। আইন নিজের হাতে তুলে নিয়ে ‘মব-সহিংসতা’র মাধ্যমে অগ্নিসংযোগ ও মানুষ হত্যা করা একটি অত্যন্ত গুরুতর ফৌজদারি অপরাধ। রাজনৈতিক এই দলটি মনে করে, এ ধরনের অপরাধ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অনতিবিলম্বে আইনশৃঙ্খলা বাহিনীকে এই বর্বরোচিত হামলার উস্কানিদাতা, মূল পরিকল্পনাকারী এবং সরাসরি জড়িত ব্যক্তিদের যথাযথভাবে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

এনসিপির পক্ষ থেকে আরও বলা হয়েছে যে, এ ধরনের মব-সহিংসতা সাধারণত স্থানীয় রাজনৈতিক ক্ষমতার ছত্রছায়ায় সংঘটিত হয়ে থাকে। এর উদাহরণ হিসেবে গত বছর রাজবাড়ীতে মাজার ভাঙচুর ও মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার কথা উল্লেখ করে তারা জানায়, সেখানেও রাজনৈতিক শক্তির পরোক্ষ বা প্রত্যক্ষ প্রভাব দেখা গিয়েছিল। দলটির বিজ্ঞপ্তিতে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ভূমিকার সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করা হয়।

এনসিপি অভিযোগ করেছে, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার দেশ থেকে ‘মব কালচার’ বা গণপিটুনির সংস্কৃতি নির্মূল করার ঘোষণা দিলেও বাস্তবে ‘প্রকৃত মব’ নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী চরমভাবে ব্যর্থ হচ্ছে। এই বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনের নিষ্ক্রিয়তা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর