Sunday 12 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম ঢাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৬ ১১:৫৭

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: বিশ্বজুড়ে বড় শহরগুলোতে আশঙ্কাজনক হারে বাড়ছে বায়ুদূষণ। মেগাসিটি ঢাকাও দীর্ঘদিন ধরে এই মারাত্মক দূষণের কবলে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা বর্তমানে সপ্তম অবস্থানে রয়েছে।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) রেকর্ড করা হয়েছে ১৫৮। গতদিনের তুলনায় দূষণ কিছুটা কমলেও এই স্কোর বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবেই নির্দেশ করছে।

উল্লেখ্য, গতকাল ১৮৬ স্কোর নিয়ে ঢাকা তালিকার শীর্ষ অবস্থানে ছিল।

তালিকার শীর্ষে রয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদ, যার একিউআই ২৩১। এই স্কোরটি ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ের অন্তর্ভুক্ত। দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই’র স্কোর ২০৮। দক্ষিণ এশিয়ার অন্যান্য শহরের মধ্যে ভারতের দিল্লী ১৯৯ স্কোর নিয়ে তৃতীয় এবং কলকাতা ১৫৩ স্কোর নিয়ে নবম স্থানে রয়েছে। অন্যদিকে পাকিস্তানের করাচি ও লাহোর যথাক্রমে চতুর্থ ও দশম অবস্থানে উঠে এসেছে।

বিজ্ঞাপন

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু (স্কোর ১৭২), ষষ্ঠ স্থানে ভিয়েতনামের হ্যানয় (স্কোর ১৬৫) এবং অষ্টম অবস্থানে সেনেগালের ডাকার (স্কোর ১৫৩)। এই শহরগুলোর প্রতিটিই বর্তমানে অস্বাস্থ্যকর বাতাসের কবলে রয়েছে।

বায়ুমানের মানদণ্ড অনুযায়ী, একিউআই ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়। আর ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকলে তা ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে। এমন পরিস্থিতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছেন।

এ ছাড়া সাধারণ নাগরিকদের বাইরে যাতায়াত সীমিত রাখা এবং প্রয়োজনীয় সুরক্ষা বজায় রাখার কথা বলা হয়েছে। দূষণের মাত্রা ৩০১ থেকে ৪০০ এর উপরে গেলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি স্বরূপ।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর