Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জ্বালানি সাশ্রয়ে কঠোর নির্দেশনা সরকারের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৩:৪২

ঢাকা: দেশে জ্বালানি তেলের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ন্ত্রণ ও অপচয় রোধে সরকারি কার্যক্রমে বড় ধরনের পরিবর্তন এনেছে প্রশাসন। এখন থেকে মন্ত্রণালয়, বিভাগ এবং মাঠ পর্যায়ের বিভিন্ন সভা, কর্মশালা ও প্রশিক্ষণে কর্মকর্তাদের সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সরকারের সকল স্তরের সিনিয়র সচিব, বিভাগীয় কমিশনার, ডিসি এবং ইউএনওদের কাছে এই বিশেষ নির্দেশনা সংবলিত একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে স্পষ্ট করা হয়েছে যে, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে তেলের ব্যবহার কমিয়ে সরকারি কাজ নিরবচ্ছিন্ন রাখা জরুরি। বিশেষ করে বিভাগীয় পর্যায়ের অনুষ্ঠানে জেলা থেকে এবং জেলা পর্যায়ের অনুষ্ঠানে উপজেলা থেকে কর্মকর্তাদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যাতায়াত করার পরিবর্তে ডিজিটাল মাধ্যমে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে। এর মূল লক্ষ্য হলো যানবাহনের জ্বালানি সাশ্রয় করা এবং সরকারি কোষাগারের ওপর চাপ কমানো।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী, একান্ত অপরিহার্য কারণ ছাড়া সশরীরে কোনো সভার আয়োজন করা যাবে না। যানবাহনের জ্বালানি সাশ্রয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ জানানো হয়েছে। সরকারের এই উদ্যোগটি প্রশাসনিক ব্যয় কমানোর পাশাপাশি জ্বালানি সংকট মোকাবিলায় একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর