Wednesday 22 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনি দায়িত্ব পালনে অস্বীকৃতি, সিরাজগঞ্জে সরকারি কলেজের প্রভাষক বরখাস্ত

‎সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১৭:৪৫

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: নির্বাচনি দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানোয় সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের প্রভাষক মো. আবু তালিবকে এক মাসের সাময়িক বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২২ এপ্রিল) ইসি কর্মকর্তাদের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালীন অর্পিত দায়িত্ব গ্রহণে অস্বীকৃতি জানানোয় তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

‎গত ২০ এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম সই এক আদেশে ঘটনার বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, গত ১০ ফেব্রুয়ারি ভোটের ঠিক আগের দিন আবু তালিবকে প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে নিয়োগপত্র গ্রহণের সময় তিনি ওই দায়িত্ব পালনকে অত্যন্ত শ্রমসাধ্য ও বিপদজনক দাবি করে সংশ্লিষ্ট কেন্দ্রে যেতে সরাসরি মানা করে দেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার তাকে বারবার অনুরোধ করলেও তিনি নিজের অবস্থানে অনড় থাকেন এবং একপর্যায়ে অব্যাহতি চেয়ে একটি আবেদনপত্র টেবিলের ওপর ফেলেই চলে যান। এমনকি নির্বাচনি দায়িত্ব পালনের চেয়ে চাকরি হারানো কিংবা কারাবরণ করাও তার কাছে শ্রেয় বলে তিনি মন্তব্য করেছিলেন সেসময়।

‎সহকারী রিটার্নিং অফিসারের সুপারিশের ভিত্তিতে বিষয়টি নির্বাচন কমিশন সচিবালয় পর্যন্ত গড়ায়। এরপর নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১ (২০২৫ সালের সংশোধনীসহ)-এর ৫(৩) ধারা মোতাবেক তাকে অসদাচরণের দায়ে অভিযুক্ত করা হয়। আইনের যথাযথ প্রয়োগ ঘটিয়ে কমিশন তাকে এক মাসের জন্য সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত কার্যকর করে। তবে সাময়িক বরখাস্ত থাকাকালীন তিনি প্রচলিত সরকারি নিয়ম অনুযায়ী খোরপোষ ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থ রক্ষায় জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
‎ ‎‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর