Tuesday 28 Apr 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

বেকার যুবকদের আলোর পথে আসার আহ্বান বিজিবির

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ এপ্রিল ২০২৬ ২৩:০৬

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে ‘আলোর পথে’ মতবিনিময় সভা। ছবি: সংগৃহীত

ঢাকা: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে ‘আলোর পথে’ মতবিনিময় সভা এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ সময় বেকার যুবকদের আলোর পথে আসার আহ্বান জানিয়েছে বিজিবি। রোববার (২৬ এপ্রিল) রাতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, আজ সকালে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর জৈন্তাপুর বিওপির দায়িত্বপূর্ণ জৈন্তাপুর উপজেলা অডিটরিয়ামে ‘আলোর পথে’ শীর্ষক মতবিনিময় সভা এবং বেকার যুবকদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এলইডি বাল্ব উৎপাদনের ওপর কারিগরি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন। এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সার্কেল এসপি, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সীমান্তবর্তী জনগণকে অবৈধ পারাপার, চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচার থেকে বিরত থাকার জন্য আহ্বান জানানো হয় এবং এসব বিষয়ে তথ্য আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রদানের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষভাবে সীমান্ত অতিক্রমের ঝুঁকি, মানবপাচার প্রতিরোধ এবং মাদক ও চোরাচালান দমনে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে বিজিবির উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার ৫০০ শতাধিক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। বিজিবি’র এ ধরনের জনসচেতনতামূলক ও কর্মসংস্থানভিত্তিক কার্যক্রম সীমান্তবর্তী এলাকার সামাজিক স্থিতিশীলতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল ‘আলোর পথে’। যার মাধ্যমে সীমান্তবর্তী জনগণকে অবৈধ কার্যক্রম থেকে বিরত রেখে সৎ ও উৎপাদনশীল জীবনে ফিরে আসার আহ্বান জানানো। এর অংশ হিসেবে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এলইডি বাল্ব উৎপাদনের ওপর একটি কারিগরি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়, যা স্থানীয় যুবকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও সাড়া সৃষ্টি করে। প্রায় ১৫-২০ জন যুবক সরাসরি প্রশিক্ষণে অংশ নেয়। এছাড়া আরও অনেকে আগ্রহভরে তা পর্যবেক্ষণ করে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাৎক্ষণিকভাবে এলইডি বাল্ব তৈরি করে প্রদর্শন করে, যা উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম