Friday 01 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেরে বাংলাকে বিগত সরকার পরিকল্পিতভাবে অস্বীকার করার চেষ্টা করেছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১২:৫২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ১৬:৫৮

এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

ঢাকা: শেরে বাংলা এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, এই আপসহীন নেতার অবদান বিগত ফ্যাসিবাদী সরকার পরিকল্পিতভাবে অস্বীকার করার চেষ্টা করেছে।

রোববার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, অবিভক্ত ভারত ও পাকিস্তানের রাজনীতির শীর্ষে আরোহণের সুযোগ থাকা সত্ত্বেও বাংলাকে আঁকড়ে ধরা এই মহান নেতাকে এদেশের মানুষ কখনোই ভুলবে না।

নাহিদ ইসলাম শেরে বাংলাকে ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা এবং এ ভূখণ্ডের কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন।

বিজ্ঞাপন

এনসিপির আহ্বায়ক তার বার্তায় বলেন, এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় শেরে বাংলা ছিলেন এক নির্ভীক সংগ্রামী। বিশেষ করে কলকাতা ও পূর্ববঙ্গের জমিদারদের শোষণের জাঁতাকল থেকে কৃষকদের মুক্তি দিতে জমিদারি প্রথা বিলুপ্ত করে তিনি সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।

শিক্ষা বিস্তারে তার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, কলকাতার তৎকালীন সিভিল সোসাইটির তীব্র বাধার মুখেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় শেরে বাংলা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন যে, লাহোর প্রস্তাবের মাধ্যমে পূর্ব বাংলার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ধারণ করেছিলেন এই অসীম সাহসী নেতা। তার জীবন থেকে আমরা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা পাই।

বিরোধীদলীয় চিফ হুইপ শেরে বাংলার ঐতিহাসিক উক্তি স্মরণ করে বলেন, যে জাতি তার সন্তানদের বিড়ালের ভয় দেখিয়ে ঘুম পাড়ায়, তারা কখনো সিংহের সঙ্গে লড়াই করা শিখতে পারে না। মূলত জাতিকে সাহসী করে গড়ে তোলাই ছিল এই মহান নেতার লক্ষ্য, যা বিগত সরকার মুছে ফেলার অপচেষ্টা চালিয়েছে।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

রক্তে লেখা মে দিবস
১ মে ২০২৬ ১৩:২৯

আরো

সম্পর্কিত খবর