ঢাকা: পুলিশের ডিআইজি পদ মর্যাদার ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (পুলিশ -১, শাখা) সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
অবসরে পাঠানো পুলিশের কর্মকর্তারা হলেন – মফিজ উদ্দিন আহম্মেদ (ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিট), ইমতিয়াজ আহমেদ (ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা), মো. হাবিবুর রহমান (ডিআইজি, সিআইডি, ঢাকা), এনডিসি কোর্সে প্রশিক্ষণরত সালেহ মোহাম্মদ তানভীর (ডিআইজি, পুলিশ অধিদফতর, টিআর, ঢাকা), মো. হারুন-অর-রশীদ (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতর, ঢাকা), এস এম আক্তারুজ্জামান (ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা), মো. হায়দার আলী খান (কমান্ড্যান্ট ডিআইজি, পিটিসি, নোয়াখালী), মো. মাহবুবুর রহমান ভূইয়া (কমান্ড্যান্ট ডিআইজি, পিটিসি, খুলনা)।
এছাড়াও মো. রুহুল আমিন (ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ, ঢাকা), মো. রফিকুল হাসান গনি (ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা), মো. মিজানুর রহমান (ডিআইজি, নৌ-পুলিশ, ঢাকা), মো. মজিদ আলী (পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ; বর্তমানে ডিআইজি, সিআইডি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত), কাজী জিয়া উদ্দিন (ডিআইজি, পুলিশ অধিদফতর, বর্তমানে ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ, ঢাকা হিসেবে বদলির আদেশপ্রাপ্ত), মো. গোলাম রউফ খান (ডিআইজি, রেলওয়ে পুলিশ, ঢাকা), শেখ মোহাম্মদ রেজাউল হায়দার (কমান্ড্যান্ট ডিআইজি, পিটিসি, রংপুর), রখফার সুলতানা খানম (ডিআইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা), ফারহাত আহমেদ (পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ; সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ কর্মকর্তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
বিধি অনুযায়ী তারা অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে, গত ২২ এপ্রিল পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।