ঢাকা: উচ্চ মাধ্যমিক ও সমমানের (একাদশ শ্রেণি ও আলিম প্রথম বর্ষ) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি-সহায়তার অনলাইন আবেদন চলছে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আবেদন করা যাবে ৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগে আবেদনের শেষ সময় ছিল ৩০ এপ্রিল। পরে তা বাড়িয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর-এর অধীন দেশের সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবে।
ট্রাস্টের তথ্য অনুযায়ী, বর্তমানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ৪ হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ৬ হাজার টাকা এবং স্নাতক ও সমমানের শিক্ষার্থীদের জন্য ৮ হাজার টাকা হারে ভর্তি-সহায়তা দেওয়া হচ্ছে।
আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে আগের শ্রেণিতে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর অথবা জিপিএ–৫ এর ক্ষেত্রে অন্তত ৩ দশমিক ৫০ পেতে হবে। এ সংক্রান্ত নম্বরপত্র বা ফলাফলের কপি আপলোড করতে হবে। এছাড়া এতিম, প্রতিবন্ধী শিক্ষার্থী বা অভিভাবক, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী বা অভিভাবক, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার সন্তান, নিম্ন আয়ের শ্রমজীবী পরিবারের সন্তান এবং ‘জাতীয় বেতন স্কেল ২০১৫’ অনুযায়ী ২০তম গ্রেডের সরকারি কর্মচারীর সন্তানের ক্ষেত্রে প্রাসঙ্গিক প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।
শিক্ষার্থীর পিতা, মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ৩ লাখ টাকার বেশি হওয়া যাবে না। একই সঙ্গে শিক্ষার্থী যে হতদরিদ্র পরিবারের সন্তান— এ মর্মে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা বা সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া সনদপত্রের কপিও আপলোড করতে হবে।
আবেদনের জন্য প্রয়োজন হবে— ট্রাস্ট নির্ধারিত ফরমে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর জন্মনিবন্ধনের কপি, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, শিক্ষার্থীর এক কপি ছবি এবং শিক্ষার্থী অথবা তার পিতা-মাতার অনলাইন ব্যাংক হিসাবের তথ্যের স্পষ্ট কপি।
যেহেতু পুরো কার্যক্রমটি অনলাইনভিত্তিক, তাই আবেদনের কোনো হার্ড কপি ট্রাস্টে পাঠানোর প্রয়োজন নেই।
ভর্তি-সহায়তা বিষয়ে তথ্য জানতে অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টার মধ্যে ০২-৫৫০০০৪২৮, ০১৭৭৮৯৫৮৩৫৬ এবং ০১৭৭৮৯৬৪১৫৬ নম্বরে যোগাযোগ করা যাবে।