Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, ১৮ জেলায় সতর্ক সংকেত

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১০:৪৯

মেঘলা আকাশ। ফাইল ছবি

ঢাকা: সারাদেশে প্রকৃতিতে বৈরী আবহাওয়ার আভাস পাওয়া গেছে। দেশের টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট এই তিন অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

বৃহস্পতিবার (৭ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক আবহাওয়ার পূর্বাভাসে এই সতর্কবার্তা জানানো হয়।

আবহাওয়াবিদদের মতে, উল্লিখিত তিন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এর ফলে এসব এলাকার জানমালের নিরাপত্তা ও নৌচলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে অপর এক পূর্বাভাসে দেশের আরও ১৮টি অঞ্চলে দুপুর ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ের আভাস দেওয়া হয়েছে। এলাকাগুলো হলো- রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।

আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া এই বিশেষ পূর্বাভাসে জানানো হয়, এই ১৮টি অঞ্চলের ওপর দিয়েও পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।

ঢাকাসহ দেশের বড় একটি অংশে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দিনের বিভিন্ন সময়ে বৃষ্টিপাত স্থায়ী হতে পারে। বৈরী এই আবহাওয়ার কারণে নদীবন্দর সংশ্লিষ্টদের সতর্কতার সাথে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সারাবাংলা/এফএন/ইআ