Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাইলস্টোনে বিমান দুর্ঘটনা
ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ১২:২০ | আপডেট: ৭ মে ২০২৬ ১২:২৫

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বিমানবাহিনীর যুদ্ধবিমান। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা বাদী হয়ে এই আবেদন করেন।

এরপর আদালত বাদীর জবানবন্দি রেকর্ড গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

বাদী পক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন এ তথ্য জানান।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে ৩৬ জন নিহত হন, যার ২৮ জনই ছিলেন শিক্ষার্থী। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও নিহত হন।

বিজ্ঞাপন

ব্যাপক আলোচিত এই ঘটনা নিয়ে সেসময় ৯ সদস্যের তদন্ত কমিশন গঠন করেছিল অন্তর্বর্তী সরকার। কমিশনকে বিমান বিধ্বস্ত হওয়ার পরিপ্রেক্ষিত, কারণ, দায়দায়িত্ব ও ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ঘটনাসংশ্লিষ্ট অপরাপর বিষয় চিহ্নিত করতে বলা হয়েছিল।

ঘটনার তিন মাস পর ৫ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। সেখানে বিমান দুর্ঘটনার কারণ হিসেবে যুদ্ধবিমানের পাইলটের উড্ডয়ন ত্রুটি চিহ্নিত করা হয়।

ঘটনার ১০ মাস পরে এসে একটি মামলার আবেদন করা হলো।