Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মন্ত্রিসভার বৈঠক
ঈদুল আজহায় ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মে ২০২৬ ২৩:২৭ | আপডেট: ৭ মে ২০২৬ ২৩:৩৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের ছুটির আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

বৈঠকে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’ এর খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগ এ নীতিমালার উদ্যোক্তা।

নীতিমালার উদ্দেশ্য হিসেবে সারাদেশে স্বাস্থ্যসম্মত ও মানসম্মত পাবলিক টয়লেট সুবিধা সহজলভ্য করা, জনস্বাস্থ্য ও পরিচ্ছন্নতার মান উন্নত করা এবং নারী, শিশু, প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

পাবলিক টয়লেট ব্যবস্থার দীর্ঘমেয়াদি কার্যকারিতা ও স্থায়ীত্বের জন্য কার্যকর ব্যবস্থাপনা মডেল ও অর্থায়ন নিশ্চিত করার কথাও নীতিমালায় রাখা হয়েছে।

মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয়েছে, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারবিধি বিষয়ে সচেতনতা গড়ে তুলতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রয়োজনীয় কার্যক্রম নেবে।

ভৌত অবকাঠামো সংক্রান্ত উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ অন্তর্ভুক্ত করতে হবে। সব টয়লেটের বর্জ্য সংরক্ষণের জন্য সেফটি ট্যাংক নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে। কোনোভাবেই টয়লেটের বর্জ্য নদী, খাল বিলসহ জলাশয়ে ফেলে পানি দূষণ করা যাবে না।

স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ সমন্বিতভাবে সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য পৃথক পাবলিক টয়লেট স্থাপনের কার্যক্রম নেবে।

নীতিমালা বাস্তবায়নে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করতে হবে বলেও মন্ত্রিসভার সিদ্ধান্তে বলা হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর