Sunday 10 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

জুনে ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৬:১৯

দীনেশ ত্রিবেদী।

ঢাকা: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিতে জুনের মাঝামাঝিতে ঢাকায় আসছেন ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদী। অন্যদি‌কে, ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মা শিগ‌গিরই ঢাকা ত্যাগ কর‌বেন।

সূত্র জানায়, বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন বর্ষীয়ান ভারতীয় রাজনীতিক দীনেশ ত্রিবেদী। তিনি জুনের মাঝামাঝিতে ঢাকায় এসে দায়িত্ব নেবেন।

গত এপ্রিলের শেষ দিকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি।

বিজ্ঞাপন

দীর্ঘদিন পর কোনো রাজনীতিককে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে পাঠাচ্ছে ভারত সরকার। ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেটে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পর দলীয় চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হন।

এ ছাড়া তিনি ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা-উভয় কক্ষের সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২১ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ-ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ সময়ে ঢাকায় একজন অভিজ্ঞ রাজনীতিককে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্কে কিছুটা শীতলতা তৈরি হয়। পরে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ঢাকা ও দিল্লি সম্পর্ক পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেয়। এমন প্রেক্ষাপটে দীনেশ ত্রিবেদীর নিয়োগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।