ঢাকা: ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, তারেক রহমান প্রথমবার প্রধানমন্ত্রী হয়ে এত ভালো কাজ করছেন, এটা অনেকে সহ্য করতে পারছে না। অনেকে হিংসায় রাজনৈতিক চরিতার্থ করতে নেমেছেন। তবে এসব করে কোনো লাভ নেই। তিনি এসব করেই জনগণের মন জয় করবেন এবং এগিয়ে যাবেন।
সোমবার (১১ মে) বিকেলে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, অনেকে সহ্য করতে পারছে না যে তারেক রহমান প্রথমবার এমপি ও প্রধানমন্ত্রী হয়ে এত কাজ করছেন। তাই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানান তিনি।
মন্ত্রী আরও বলেন, আমি তো উনাকে কাছ থেকে চিনি। উনার এখনকার চিন্তাভাবনা, এখনকার অবস্থা— এটা আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়া। আমাদের বাংলাদেশে কেন পৃথিবীতেও এমন কোনো উদাহরণ নেই যে সাবেক রাষ্ট্রপতির সন্তান, সাবেক প্রধানমন্ত্রীর সন্তান আবার ওই দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। বাবাও প্রেসিডেন্ট ছিলেন, মাও প্রধানমন্ত্রী ছিলেন। থাকার পরেও এইভাবে জুলুম-অত্যাচার ও অবিচারের পরে আল্লাহ পাক উনাকে আবার প্রধানমন্ত্রী বানিয়েছেন, এমন উদাহরণ কিন্তু পৃথিবীর কোথাও নেই। এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া।
সমাজে কিছু ব্যক্তি ভুল করলেও পুরো সাংবাদিক সমাজকে দায়ী করা যায় না। মন্ত্রী প্রয়াত সাংবাদিক আলতাফ মাহমুদের সততা, সরল জীবনযাপন ও দেশপ্রেমের কথা স্মরণ করে বলেন, তিনি বড় সাংবাদিক হয়েও অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন। তার সততা ও নিষ্ঠা আমাকে মুগ্ধ করত। আমি জনগণের একজন কর্মী। সাংবাদিকরা যে কোনো প্রয়োজনে সরাসরি আমার কাছে আসতে পারবেন বলেন মন্ত্রী।
একই সঙ্গে ধর্মমন্ত্রী সাংবাদিকদের গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকারও আহ্বান জানান।
সামাজিক অবক্ষয় ও মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, গ্রামাঞ্চলেও মাদক, জুয়া ও ফেনসিডিলের বিস্তার ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক সম্রাটদের মুখোশ উন্মোচনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয়, সেটিও খেয়াল রাখতে হবে।
এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী বলেন, সরকারবিরোধী বিভিন্ন গোষ্ঠী ধর্মীয় গুজব ছড়িয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, সাইবার অপরাধ ও অপপ্রচার ঠেকাতে নতুনভাবে আইন প্রয়োজন। স্বৈরাচার সরকারের সময় করা আইনটির অপব্যবহার হয়েছিল। কিন্তু আইনটি পুরোপুরি বাতিল করে অপপ্রচারকারীদের সুযোগ দেওয়া হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো মতপ্রকাশ দমনের পক্ষে নন। বিরোধী মত দমন বা সাংবাদিকদের হয়রানির জন্য আইন ব্যবহার করতে দেওয়া হবে না।
রমজান ও ঈদের চাঁদ দেখা নিয়ে বিভ্রান্তি নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইসলাম ধর্মে স্থানীয়ভাবে চাঁদ দেখেই রোজা রাখা ও ঈদ উদযাপনের নির্দেশনা রয়েছে। সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ করতেই হবে— এমন কোনো নির্দেশনা কোরআন-হাদিসে নেই।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, হজ মৌসুমে তিনি নিজেই গভীর রাত পর্যন্ত হাজি ক্যাম্পে অবস্থান করে হাজিদের সমস্যা পর্যবেক্ষণ ও সমাধানের চেষ্টা করছেন। যদি কোথাও খাবারের মান খারাপ হয়, প্রমাণ দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। পর্যটন করপোরেশন খুব ভালো মানের খাবার সরবরাহ করছে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে খাবারের দামও কম রাখা হয়েছে।
হজযাত্রীদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হাজিরা আল্লাহর মেহমান। আল্লাহই তাদের হেফাজত করবেন। যুদ্ধ পরিস্থিতিও অনেকটা কমে এসেছে। তিনি আশা প্রকাশ করেন, এ বছরও শান্তিপূর্ণভাবে হজ সম্পন্ন হবে।
হজ এজেন্সিগুলোর অনিয়ম ও হজের ব্যয় কমানোর বিষয়ে মন্ত্রী জানান, বর্তমান সরকার ইতোমধ্যে হজ খরচ কিছুটা কমিয়েছে এবং আগামীতে আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ভবিষ্যতে হজের খরচ আরও কমবে ইনশাআল্লাহ।