Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী এমপিদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মে ২০২৬ ১৯:৫১

ঢাকা: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী  তারেক রহমান।

সোমবার (১৮ মে) সচিবালয়ে সরকারদলীয় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের নিয়ে এক সভায় এ  তিনি নির্দেশনা দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের নির্দিষ্ট কোনো এলাকা না থাকায় কোন এলাকায় কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামীতে কাজ করার কথা বলেছেন। মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ধন্যবাদ জানানোর উদ্দেশ্যেই এই বৈঠকের আয়োজন করা হয়। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যরা তাদের দায়িত্ব, কাজের পরিধি এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বিজ্ঞাপন

সেলিমা রহমান বলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম এই বৈঠকে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, একজন রাজনৈতিক নেত্রী ও সংসদ সদস্য হিসেবে জনগণের কল্যাণে কাজ করাই সবার প্রধান দায়িত্ব। একইসঙ্গে দেশ ও দলকে ঐক্যবদ্ধ রাখার বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

নারীর ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান তুলে ধরে সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী নারী ক্ষমতায়নে অত্যন্ত আন্তরিক এবং এক্ষেত্রে সরকারের উদ্যোগ বাস্তবায়নে নারী সংসদ সদস্যরা সহযোগী হিসেবে কাজ করবেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যে পরিকল্পনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে কাজ করছে এবং বৈষম্য দূরীকরণে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেখানে নারী এমপিরাও সক্রিয় ভূমিকা রাখবেন।

সভায় সংসদ সদস্য শিরীন সুলতানা, বিলকিস ইসলাম, সুলতানা আহমেদ, শাম্মী আক্তার, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, সানজিদা ইসলাম তুলি, সেলিনা সুলতানা নিশিতা, শওকত আরা আক্তার উর্মিসহ বিএনপি দলীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।