Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার গাজীপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২০:৩৭ | আপডেট: ১৯ মে ২০২৬ ২০:৩৮

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি।

ঢাকা: আগামী বুধবার (২০ মে) গাজীপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই গুরুত্বপূর্ণ সফরকে কেন্দ্র করে পুরো গাজীপুর জেলাজুড়ে এখন এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সফরটি সফল করতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দীর্ঘ দিন পর সরকার প্রধানের আগমনকে ঘিরে স্থানীয় সাধারণ মানুষের মাঝে অভূতপূর্ব উৎসাহ ও গভীর উচ্ছ্বাস বিরাজ করছে।

প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরের মূল আকর্ষণ হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬। বুধবার সকালে তিনি সফিপুর আনসার একাডেমিতে আয়োজিত এই রাষ্ট্রীয় কুচকাওয়াজ ও জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন এবং দেশ গঠনে নিয়োজিত বাহিনীর সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। আনসার একাডেমির এই বিশেষ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী গাজীপুরের গাছা এলাকায় উন্নয়নমূলক কাজের শুভ সূচনা করবেন। তিনি সেখানে আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ‘জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দেশের সামগ্রিক দুর্যোগ মোকাবিলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে সর্বাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত এ ধরনের বিশেষায়িত ভবন বাংলাদেশে এটাই প্রথম। এই আন্তর্জাতিক মানের ইনস্টিটিউট দেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও সরকারি-বেসরকারি প্রশিক্ষণের ক্ষেত্রে এক নতুন সম্ভাবনাময় দিগন্তের উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

উন্নয়নমূলক কর্মকাণ্ডের পাশাপাশি গাজীপুরের মাটির সঙ্গে প্রধানমন্ত্রীর গভীর আবেগ ও ইতিহাস জড়িয়ে আছে। এই অঞ্চলের মাটিতে মিশে আছে তার শৈশবকাল ও পিতার কর্মময় জীবনের স্মৃতি। একইসঙ্গে এ শহরে রয়েছে প্রধানমন্ত্রীর বাবা আধুনিক বাংলাদেশের রূপকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের গৌরবোজ্জ্বল অধ্যায়। ইতিহাস থেকে জানা যায়, ১৯৭৮ সালের ১৮ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানই প্রশাসনিক বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে গাজীপুরকে ঢাকা জেলা থেকে আলাদা করে নতুন ‘মহকুমা’ হিসেবে ঘোষণা করেছিলেন এবং তিনি নিজে উপস্থিত থেকে সেই ঐতিহাসিক মহকুমা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।

জিয়াউর রহমানের ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে গাজীপুরের সাধারণ মানুষের হৃদয়ে তার পরিবারের প্রতি রয়েছে এক গভীর আত্মিক টান এবং আজন্ম কৃতজ্ঞতা। ফলে, বুধবার তাদেরই প্রিয় সন্তান ও দেশের প্রধানমন্ত্রীর আগমনকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সর্বস্তরের জনতা।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গাছা ও সফিপুরসহ পুরো গাজীপুর মহানগরীকে নান্দনিক সাজে সাজানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জেলাজুড়ে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সব মিলিয়ে, এই সফরটি গাজীপুরবাসীর জন্য এক ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর