ঢাকা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অষ্টম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন বাংলাদেশের পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি।
বুধবার (২৭ মে) নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পা রাখেন এবং বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান। বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব তার এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছে। এবারের অভিযানে বাংলাদেশ থেকে একমাত্র পর্বতারোহী হিসেবে তিনি অংশ নিয়েছিলেন।
গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালের উদ্দেশে যাত্রা শুরু করেন নিম্নি। অভিযানকালে কয়েক দফা প্রতিকূল আবহাওয়ার মুখোমুখি হতে হয়েছে তাকে। সব বাধা পেরিয়ে ২৫ মে তিনি চূড়ান্ত সামিট পুশ শুরু করেন। ক্যাম্প-৪ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আজ ভোরে তিনি বিশ্বের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হন। নুরুন্নাহার নিম্নির এই অভাবনীয় অর্জনে বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে নতুন এক গৌরবগাথা যুক্ত হলো।
ব্যক্তিগত জীবনে পূবালী ব্যাংক পিএলসি–এর প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নিম্নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। পাহাড়ের প্রতি গভীর ভালোবাসা থেকেই তিনি পর্বতারোহণে আগ্রহী হয়ে ওঠেন। তার এই সাফল্যে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খুশির জোয়ার বইছে।
উল্লেখ্য, ২০১২ সালের ১৯ মে নিশাত মজুমদার প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয়ের গৌরব অর্জন করেছিলেন। একই বছরের ২৬ মে শিখর জয় করেন ওয়াসফিয়া নাজরীন। সেই দুই অর্জনের পর দীর্ঘ ১৪ বছর পর আবারও কোনো বাংলাদেশি নারী হিসেবে এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুন্নাহার নিম্নি।