Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুদের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ০৮:৩৭

ঢাকা: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন।

রোববার (৩১ মে) বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত মন্ত্রীর সরকারি বাসভবনে এই ব্যতিক্রমী ও আনন্দঘন শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ অনুষ্ঠানে মিরপুর শিশু পরিবার (বালক), তেজগাঁও শিশু পরিবার (বালিকা), আজিমপুর ছোটমণি নিবাস এবং শিশু বিকাশ কেন্দ্রের শিশুরা অংশগ্রহণ করার সুযোগ পায়। অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রী শিশুদের কাছে টেনে নেন এবং তাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়ে ঈদের অনাবিল আনন্দ ভাগাভাগি করে নেন। মন্ত্রী নিজে শিশুদের সঙ্গে অত্যন্ত আন্তরিকভাবে কুশল বিনিময় করেন, তাদের মুখ থেকে ঈদের নানা অভিজ্ঞতার গল্প শোনেন এবং ব্যক্তিগতভাবে সকল শিশুর মাঝে নিজ হাতে খাবার আপ্যায়ন করেন। মন্ত্রীর বাসভবনে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের জন্য হরেক রকমের মৌসুমী ফলসহ বিশেষ পুষ্টিকর খাবারের আয়োজন রাখা হয়।

বিজ্ঞাপন

মন্ত্রীর এই স্নেহময় আতিথেয়তায় অনুষ্ঠানে উপস্থিত শিশুরা পরম উচ্ছ্বাস প্রকাশ করে এবং তারা জানায় যে, এমন একটি চমৎকার দিন তাদের জীবনে সবসময় স্মরণীয় হয়ে থাকবে। অনেক শিশুই দেশের একজন মন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পেরে এবং তার এমন আন্তরিক স্নেহ-আপ্যায়নে সিক্ত হয়ে নিজেদের আনন্দের কথা প্রকাশ করে।

এই আনন্দঘন মূহূর্তে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ঈদের আসল আনন্দ সবার মাঝে সুন্দরভাবে ছড়িয়ে দিতেই আমাদের এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে সমাজে যারা সুবিধাবঞ্চিত ও অবহেলিত, তাদের মুখে হাসি ফোটানোই আমাদের সবার বড় নৈতিক দায়িত্ব।

শিশুদের দেশের সম্পদ উল্লেখ করে তিনি বলেন, আজকের এই শিশুরাই আগামী দিনের জাতির ভবিষ্যৎ এবং তাদের সার্বিক সুখ-স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রান্তিক জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে ভবিষ্যতেও সরকারের এ ধরনের মানবিক আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে মন্ত্রীর সহধর্মিণী ডা. শরীফা করিম স্বর্ণা, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমীন পারভীনসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সস্ত্রীক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর