Monday 01 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির সেই ২ কর্মকর্তা এবার সাময়িক বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জুন ২০২৬ ২১:৩৭

বরখাস্ত আঞ্চলিক কর্মকর্তা মো. সাদেকুর রহমান ও কাজী সালেহ মুস্তানজির। ছবি: সংগৃহীত

ঢাকা: কোরবানির পশুর বর্জ্য অপসারণে চরম অবহেলা ও অসদাচরণের অভিযোগে রাজধানীর দুই সিটি করপোরেশনের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে এবার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (১ জুন) পৃথক প্রজ্ঞাপন জারি করে উপসচিব পদমর্যাদার এই দুই কর্মকর্তার বিরুদ্ধে এমন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজির।

বিজ্ঞাপন

বর্জ্য অপসারণের কাজে গাফিলতির সুনির্দিষ্ট অভিযোগে সরকারপ্রধানের নির্দেশে এর আগে তাদের তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল এবং ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই তাদের সাময়িক বরখাস্তের এই আদেশ জারি করা হলো।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং ১ জুন থেকে শুরু হওয়া এই বরখাস্তকালী তারা বিধি অনুযায়ী কেবল খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।

উল্লেখ্য, পবিত্র ঈদুল আজহার পরদিন গত শুক্রবার কাউকে কিছু না জানিয়ে আকস্মিকভাবে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম স্বচক্ষে দেখতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ওইদিন বেলা দুইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টা ঢাকার বিভিন্ন সড়ক ও এলাকা সরেজমিনে পরিদর্শনকালে হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় কোরবানির পশুর বর্জ্যের পাশাপাশি আগের জমে থাকা প্রচুর ময়লা-আবর্জনা রাস্তায় পড়ে থাকতে দেখেন তিনি।

বর্জ্য ব্যবস্থাপনার এই চরম ধীরগতি ও অবহেলার বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আসার পর তার সুনির্দিষ্ট নির্দেশেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের এই দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে প্রথমে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয় এবং পরবর্তী সমসয়ে তদন্ত সাপেক্ষে বিধিমালা অনুযায়ী তাদের বিরুদ্ধে এই চূড়ান্ত বিভাগীয় ও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর