Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাধীনতার ৫৫ বছরে ৫৬ বাজেট / আ.লীগের ২৫, বিএনপি’র ১৭, জাপার ৯, অনন্য সরকারের ৪ বাজেট

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ১৪:৪১ | আপডেট: ১১ জুন ২০২৬ ১৬:০৩

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছরে ১৯৭২ থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত ৫৫টি বাজেট উপস্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে দেশের ৫৬ তম বাজেট উপস্থাপন করা হচ্ছে। এসব বাজেটে তিনটি রাজনৈতিক দল ও একাধিক তত্ত্বাবধায়ক ও অন্তবর্তীকালীন সরকারের আমলে উপস্থাপন করা হয়েছে।

তবে একক দল হিসাবে সবচেয়ে বেশি ২৫টি বাজেট উপস্থাপন করেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগ। আজ দেশের ৫৬ তম বাজেট উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি‘র অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি হবে নতুন অর্থমন্ত্রীর প্রথম বাজেট। স্বাধীনতার পর আওয়ামী লীগ সরকার ২৬টি, বিএনপি ১৭টি এবং দুইটি তত্ত্বাবধায়ক সরকার এবং একটি অন্তবর্তীকালীন সরকার মিলে ৩ জন অর্থ উপদেষ্টা ৪টি বাজেট উপস্থাপন করেছে।

বিজ্ঞাপন

কোন সরকার কয়টি বাজেট দিয়েছেন

২০২৫ সাল পর্যন্ত ঘোষিত ৫৫টি বাজেটের মধ্যে চার মেয়াদে আওয়ামী লীগ সরকারের পাঁচজন ৫ অর্থমন্ত্রী ২৬টি বাজেট দিয়েছেন। এরা হলেন, তাজউদ্দিন আহমেদ, ডক্টর এ আর মল্লিক, এএমএস কিবরিয়া, আবুল মাল আবদুল মুহিত ও আ হ ম মুস্তফা কামাল। বিএনপি তিন মেয়াদের শাসন আমলে তিনজন ১৬টি বাজেট উপস্থাপন করেছেন। এরা হলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ড. মীর্জা নুরুল হুদা, এম সাইফুর রহমান। আর অজ বিএনপির অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের ৫৬ তম বাজেট উপস্থাপন করছেন।

অন্যদিকে জাতীয় পার্টির আমলে ৯টি বাজেট চারজন অর্থমন্ত্রী উপস্থাপন করেছেন। এদের মধ্যে রয়েছেন, আবুল মাল আবদুল মুহিত, এম সাইদুজ্জামান, এমএ মুনিম, ড. ওয়াহিদুল হক। চারটি বাজেট দিয়েছে দুইটি তত্ত্বাবধায়ক সরকারের ২ জন অর্থ উপদেষ্টা এবং অন্তবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। তারা হলেন, ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ এবং ড. এবি মীর্জা আজিজুল ইসলাম ও ড. সালেহ উদ্দিন আহমেদ।

কোন অর্থমন্ত্রী কয়টি বাজেট দিয়েছে স্বাধীনতার পর ৫৫টি বাজেট ১২ জন ব্যক্তি উপস্থাপন করেছেন। একজন রাষ্ট্রপতি, ৯ জন অর্থমন্ত্রী ও ৩ জন অর্থ উপদেষ্টা এসব বাজেট পেশ করেন। এদের মধ্যে সর্বোচ্চ ১২টি করে বাজেট দিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন বিএনপি সরকারের প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, আওয়ামী লীগ ও এরশাদ সরকারের প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মুহিত এরশাদ সরকারের আমলে ২টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে ১০টি বাজেট দিয়েছেন।

এছাড়াও অর্থমন্ত্রী এএমএস কিবরিয়া ৬টি, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ৫টি বাজেট উপস্থাপন করেছেন। অন্যদিকে এরশাদ সরকারের অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান চারটি, বাংলাদেশর প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তিনটি, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনটি,ড. এ বি মীর্জ্জা আজিজুল ইসলাম ও এমএ মুনিম ২টি করে বাজেট উপস্থাপন করেছেন। অন্যদিকে ড. মীর্জা নুরুল হুদা, ডক্টর এ আর মল্লিক,ড.ওয়াহিদুল হক, ড.ওয়াহিদউদ্দিন মাহমুদ ১টি ড.সালেহউদ্দিন আহমেদ ১টি বাজেট উপস্থাপন করেছেন। আজ বিএনপি‘র আমির খসরু মাহমুদ চৌধুরী তার প্রথম বাজেট এবং বিএনপি‘র ১৭ তম বাজেট উপস্থাপন করবেন।

শেখ মুজিব সরকারের আমলে বাজেট

স্বাধীনতার পর ১৯৭২ সালের ৩০ জুন শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন সরকার স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ উপস্থাপিত প্রথম বাজেট ছিল ৭৮৬ কোটি টাকার। এরপর ১৯৭৩ ও ১৯৭৪ সালে দেশের দ্বিতীয় ও তৃতীয় বাজেট পেশ করেন তিনি। ১৯৭৫ সালের ২৩ জুন শেখ মুজিব সরকারের দ্বিতীয় অর্থমন্ত্রী হিসাবে ডক্টর এআর মল্লিক বাংলাদেশের চতুর্থ বাজেট উপস্থাপন করেন।

শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদের বাজেট

১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন। এরপর টানা ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল। পরবর্তীতে ১৯৯৬ সালে আওয়াম লীগ দ্বিতীয়বার এবং শেখ হাসিনার নেতৃতাধীন সরকার প্রথমবারের মতো ক্ষমতায় আসেন। এই সরকারের অর্থমন্ত্রী হন শাহ এএমএস কিবরিয়া। তিনি ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত আওয়ামীলীগ সরকারের অর্থমন্ত্রী হিসাবে টানা ৬টি বাজেট পেশ করেন।

নিষিদ্ধ আওয়ামী লীগের টানা ১৬ বাজেট:২০০৯, ২০১৪ ও ২০১৮ সালে টানা তিন দফায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসেন। এর মধ্যে প্রথম দুই মেয়াদে অর্থ্যাৎ ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন আবুল মাল আবদুল মুহিত। তিনি শেখ হাসিনা সরকারের টানা ১০টি বাজেট উপস্থাপন করেছেন্। ২০১৮ সালে শেখ হাসিনা সরকার তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর অর্থমন্ত্রীর দায়িত্ব পান আ হ ম মুস্তফা কামাল। তিনি গত ৫ বছরে ৫টি বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেন। স্বাধীনতার পর শেখ হাসিনার সরকার ছাড়া অন্য কোন সরকার টানা ১৬টি বাজেট উপস্থাপন করতে পারেননি।

উল্লেখ্য আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার হতে পারে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। আর চলতি ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখন ৯৭ হাজার ৭৮৫ কোটি টাকা। ফলে আসছে বাজেটের আকার চলতি বাজেট থেকে ৭ হাজার কোটি টাকা কম।

 

সারাবাংলা/জিএস/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর