ঢাকা: দেশের ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনসহ ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট ও ৪ বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাস্তবায়ন করা হবে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ২০২৬-২৭ অর্থবছরে কারিগরি ও মাদরাসা শিক্ষার জন্য ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। যা গত অর্থবছর ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। নতুন অর্থবছরে শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগ ১৮টি কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করবে। এরমধ্যে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন করা হবে। আর ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন ও ৪টি বিভাগে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।
২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। প্রসঙ্গত, শিক্ষায় মোট বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা। যা মোট জিডিপির ২ শতাংশ। এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে ৫৭ হাজার ৩০২ কোটি টাকা। প্রাথমিকে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।