Tuesday 15 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছে- ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৬ ১৬:১০

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও: বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে চীন আমাদের সমর্থন দিচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১২ জুন) সকালে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে বাংলাদেশ-চীন মৈত্রীর উদ্যোগে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘চীন অনেক শক্তিশালী দেশে পরিণত হয়েছে। তারা সবচেয়ে বেশি তাদের জনগণের কল্যাণ করেছে। আমরা চীনা রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানিয়ে ঠাকুরগাঁওয়ে এনেছি যেন তাদের মাধ্যমে আমরা আরো উন্নয়ন করতে পারি।’

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘চীন প্রতিদিন বদলায়। প্রতিদিন উন্নত থেকে উন্নততর হচ্ছে এবং সারা পৃথিবীতে চীন শক্তিশালী দেশে পরিণত হয়েছে। চীন জনগণের কল্যাণ করছে। তারা সারা পৃথিবীতে উন্নয়নে সমর্থন করছে। আমাদের উন্নয়নে চীন সমর্থন দিচ্ছে।’ এ সময় তিনি চীন-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দীর্ঘায়ু কামনা করেন। ঠাকুরগাঁওয়ে চীনের বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

তিনি আরো বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ দেশের উন্নয়নে অনেক কাজ হাতে নিয়েছেন। ইতোমধ্যে ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের কাজ হচ্ছে। পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর প্রক্রিয়া চলছে। শীঘ্রই সেটি চালু হবে। রুহিয়া ও ভুল্লী উপজেলা গঠন করা হয়েছে। আমরা এ জেলাসহ দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen)।

তিনি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, ‘শিক্ষা খাতে সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।’ তিনি শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। এছাড়াও ঠাকুরগাঁওয়ের কৃষিখাতসহ বাণিজ্যের উন্নয়নে বিনিয়োগ করার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহিত করতে জেলার বিভিন্ন স্থানের ৬ হাজার ৫০০ শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার প্রসার এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের এক পর্যায়ে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর