ঢাকা: কক্সবাজারে নবগঠিত মাতামুহুরী উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় প্রশাসনিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে এবং জনসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৩ জুন) সন্ধ্যায় মাতামুহুরীতে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাতামুহুরীসহ পুরো কক্সবাজার অঞ্চলের মানুষের এই নতুন প্রশাসনিক কেন্দ্রগুলো স্থানীয়দের সরকারি সেবা প্রাপ্তি সহজ করবে এবং এলাকার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানান।
জানা গেছে, গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (এনআইসিএআর) এর ১২০তম সভায় মাতামুহুরী উপজেলার গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। চকরিয়া উপজেলার দক্ষিণাঞ্চলের ইউনিয়নগুলোকে নিয়ে এই নতুন প্রশাসনিক ইউনিট মাতামুহুরী উপজেলা গঠন করা হয়েছে।
৭টি ইউনিয়ন নিয়ে এই উপজেলা গঠিত। ইউনিয়নগুলো হচ্ছে, বদরখালী, পূর্ব বড় ভেওলা, পশ্চিম বড় ভেওলা, সাহারবিল, ভেওলা মানিকচর, ঢেমুশিয়া এবং কেনাখালী। মাতামুহুরী নদীর তীরে অবস্থিত এই উপজেলার আয়তন ১৪৩ দশমিক ৮ বর্গ কিলোমিটার।