ফরিদপুর: সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যা ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল শহরে প্রবেশ করে দায়িত্ব গ্রহণ করে। সরকারি নির্দেশনা অনুযায়ী, এক সপ্তাহ তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৩ জুন দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এর অংশ হিসেবে ফরিদপুরে লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যে-কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এক সপ্তাহের জন্য এ সেনা মোতায়েন। এ সময় সেনাবাহিনী আইন-শৃঙ্খলা রক্ষায় বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য সংস্থাকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’