Saturday 10 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ২ হাজার ইয়াবা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ অক্টোবর ২০২৬ ১৬:০৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬ ১৬:১০

ছবি: সংগৃহীত

বান্দরবান: জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে বাইশারী বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

বাইশারী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সিরাজুস সালেহীনের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মনজুর আহসান-সহ পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাইশারী বাজার এলাকায় সেনাবাহিনীর সদস্যরা মাদকবিরোধী তৎপরতা চালানোর সময় একটি দ্রুতগতির মোটরসাইকেলকে সন্দেহ হলে সেটিকে থামানোর চেষ্টা করেন। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলচালক সেটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা মোটরসাইকেলটি তল্লাশি করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।

বিজ্ঞাপন

উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে। এ ঘটনায় ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা জসিম উদ্দিন বলেন, ‘সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকলে এলাকায় ইয়াবা পাচার অনেকাংশে বন্ধ হবে বলে আমরা মনে করি। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান আরও জোরদার করা প্রয়োজন।’

বাইশারী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মো. সিরাজুস সালেহীন বলেন, ‘অভিযানে ইয়াবা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।’

সেনাবাহিনীর এ অভিযানে এলাকায় মাদকবিরোধী তৎপরতায় নতুন করে আশার সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সীমান্তবর্তী বাইশারী এলাকায় মাদক পাচার ও কারবার বন্ধে সেনাবাহিনীর নিয়মিত নজরদারি ও অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর