Wednesday 25 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেটফ্লিক্সে একফ্রেমে ফাওয়াদ-হানিয়া-মাহিরাসহ এক ঝাঁক পাকিস্তানি তারকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬ ১৭:২৯

দক্ষিণ এশিয়ার বিনোদনপ্রেমীদের জন্য আসছে এক দারুণ সুখবর। পাকিস্তানি তারকাদের নিয়ে নির্মিত বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ এবার মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। আগামী ৪ ডিসেম্বর থেকে বিশ্বজুড়ে দর্শকরা সিরিজটি উপভোগ করতে পারবেন। প্রখ্যাত লেখিকা ফরহাত ইশতিয়াকের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে একসঙ্গে দেখা যাবে পাকিস্তানের একঝাঁক প্রথম সারির তারকাকে। তাদের মধ্যে রয়েছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সনম সাঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির ও হামজা আলী আব্বাসী।

মোমিনা দুরেইদের পরিচালনা ও প্রযোজনায় তৈরি এই সিরিজটির গল্প সাজানো হয়েছে প্রেম, সম্পর্কের নানা জটিলতা, পারিবারিক দ্বন্দ্ব এবং অতীতের মানসিক ক্ষত কাটিয়ে ওঠার আবেগঘন যাত্রাকে কেন্দ্র করে। কাহিনির মূল চরিত্রে রয়েছেন হার্ভার্ডের আইনের শিক্ষার্থী সিকান্দার শেখরিয়া, যিনি নিজের অতীতের মানসিক আঘাত নিয়ে লড়াই করছেন। অন্যদিকে, লিজা একজন প্রতিভাবান শিল্পী, যার জীবনেও রয়েছে গভীর জটিলতা ও না বলা কষ্ট। ইতালির মনোরম পরিবেশে দুজনের দেখা হওয়ার পর থেকেই বদলে যেতে থাকে তাদের জীবন। শুরু হয় প্রেম, বিচ্ছেদ, পারিবারিক সংঘাত আর আবেগঘন নানা ঘটনা।

বিজ্ঞাপন

সম্প্রতি নেটফ্লিক্স সিরিজটির প্রথম পোস্টার প্রকাশ করেছে, যা ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। পোস্টারের সঙ্গে দেওয়া বার্তায় উঠে এসেছে গল্পের গভীরতা, যেখানে বলা হয়েছে তিন প্রজন্ম ও ছয়টি প্রেমের গল্পের মাঝে একটিই প্রশ্ন আমাদের হৃদয়ে যে ভালোবাসা জমা থাকে, তা কি যথেষ্ট? সিরিজটির ইংরেজি ট্যাগলাইন রাখা হয়েছে ‘অল দ্য লাভ আওয়ার হার্টস ক্যারি’।

তারকাদের পুনর্মিলনের কারণেও সিরিজটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। এর আগে কালজয়ী পাকিস্তানি ধারাবাহিক ‘জিন্দেগি গুলজার হ্যায়’ এবং পরবর্তীতে ‘বরজখ’ সিরিজে একসঙ্গে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন ফাওয়াদ খান ও সনম সাঈদ। অন্যদিকে, ‘হামসফর’ নাটকে জুটি বেঁধে দারুণ জনপ্রিয়তা পেয়েছিলেন ফাওয়াদ ও মাহিরা খান। পাকিস্তানের সর্বকালের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘দ্য লেজেন্ড অব মৌলা জাট’-এও তাদের একসঙ্গে দেখা গেছে। শুধু নিজ দেশেই নয়, বলিউডেও নিজেদের অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন এই দুই তারকা। ‘খুবসুরত’, ‘কাপুর অ্যান্ড সন্স’ ও ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ সিনেমায় ফাওয়াদ খান যেমন প্রশংসিত হয়েছেন, তেমনি শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিনয় করে ভারতীয় দর্শকদের কাছেও পরিচিত মুখ হয়ে উঠেছেন মাহিরা খান।

তবে বিশ্বজুড়ে মুক্তির অপেক্ষায় থাকলেও বহুল আলোচিত এই সিরিজটি ভারতে দেখা যাবে কি না, তা নিয়ে এখনো স্পষ্ট কিছু জানায়নি নেটফ্লিক্স। এর পেছনে রয়েছে ভারত সরকারের একটি নির্দেশনা। ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দেয়। এরই পরিপ্রেক্ষিতে মে মাসে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রক দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী ওটিটি প্ল্যাটফর্ম ও স্ট্রিমিং সেবাগুলোকে পাকিস্তানে নির্মিত ওয়েব সিরিজ, সিনেমা, গান ও পডকাস্টসহ বিভিন্ন কনটেন্ট সম্প্রচার বন্ধ রাখার পরামর্শ দেয়। সেই নির্দেশনার প্রভাবেই ভারতে ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সব মিলিয়ে প্রিয় তারকাদের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় দিন গুনছেন ভক্তরা। ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর আবেগ, ভালোবাসা আর সম্পর্কের টানাপোড়েনের এই গল্প দর্শকদের হৃদয়ে কতটা জায়গা করে নেয়, এখন সেটিই দেখার বিষয়।

সারাবাংলা/এফএন/এএসজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর