ঢাকা: বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে থাকা ১৫টি প্রতিষ্ঠানকে আরও গণমুখী ও শক্তিশালী করতে উদ্যোগ নিয়েছে জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। এসব প্রতিষ্ঠানকে ঢেলে সাজানোর পাশাপাশি একটি একীভূত তথ্য ক্যাডার গঠনের লক্ষ্যে অচিরেই উচ্চপর্যায়ের সংসদীয় সাব-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সভাপতি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত গণতন্ত্র রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলা হয়, দেশ নিয়ে কাউকে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দল উভয়ই ঐকমত্য পোষণ করেছে। পাশাপাশি বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ সংবাদ সংস্থাসহ (বাসস) মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানকে এই বিষয়ে জনমত গঠনে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বৈঠকে বিগত শাসনামলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থায় পদোন্নতি বঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়ে বিশদ আলোচনা হয়। এ বিষয়ে পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে অন্যায়ভাবে পদোন্নতি থেকে বঞ্চিত করা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা এবং অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের বিষয়েও সভায় গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া বিসিএস তথ্য সাধারণ ক্যাডারকে একীভূতকরণের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। সীমিতসংখ্যক জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন এবং সরকারের প্রশাসনিক ব্যয় সাশ্রয়ের ওপর গুরুত্ব দিয়ে এই একীভূতকরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বৈঠকে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠানের মানোন্নয়ন এবং দর্শক-শ্রোতাদের কাছে আরও জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়। এ লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, ১৯৯০ সালের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে যথাযথ গুরুত্বসহকারে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। এরই অংশ হিসেবে আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার সরেজমিনে পরিদর্শনের সুপারিশ করেছে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম এবং মোসা. নাজমুন নাহার অংশগ্রহণ করেন। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদফতরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।