Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের বাজেট হবে ‘জীবনবান্ধব’ বাজেট: প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৪:৩৯

প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: এবারের জাতীয় বাজেট সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সাধারণ মানুষের চাহিদা ও জীবনযাত্রার কথা বিবেচনায় রেখে প্রণীত এ বাজেট হবে ‘জীবনবান্ধব’ বাজেট।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে তিনি বলেন, দেশের নানামুখী সংকট অস্বীকার না করে কার্যকর ও সুদূরপ্রসারী নীতির মাধ্যমে সরকার এই পরিস্থিতি মোকাবিলা করতে বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রীর মতে, এবারের বড় বাজেট দেশের সার্বিক উন্নয়ন অভিযাত্রার প্রতিফলন এবং এর অন্যতম লক্ষ্য হলো অর্থনীতিকে শৃঙ্খলায় ফিরিয়ে আনা, বিনিয়োগ পরিবেশ চাঙ্গা করা ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা।

বিজ্ঞাপন

উত্তরাঞ্চলের পানির সংকট নিরসনে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নে জাতীয় অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া কৃষি ও সেচ ব্যবস্থার উন্নয়নে আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনর্খননের মহাপরিকল্পনা ঘোষণা করেন তিনি, যার অংশ হিসেবে ইতিমধ্যে তিন মাসে প্রায় ৯০০ কিলোমিটার কাজ সম্পন্ন হয়েছে।

কৃষকদের সহায়তার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, সরকার গঠনের শুরুতে ১৩ লাখ কৃষকের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া কৃষকদের সরাসরি আর্থিক সুবিধা দিতে ‘কৃষক কার্ড’ চালু করা হচ্ছে, যার মাধ্যমে আগামী অর্থবছরে ৪৩ লাখ কৃষক সরাসরি সহায়তা ও ১০টি বিশেষ সুবিধা পাবেন।

দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে চলচ্চিত্র, ডিজিটাল কনটেন্ট, গেমিং ও ফ্যাশনসহ উদীয়মান খাতগুলোকে ‘ক্রিয়েটিভ ইকোনমি’ হিসেবে মূল স্রোতধারায় যুক্ত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, তরুণ প্রজন্ম যেন খেলাধুলাকে পেশা হিসেবে নিতে পারে, সেজন্য শিক্ষা কারিকুলামে খেলাধুলাকে স্বাধীন বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এছাড়া সফল খেলোয়াড়দের জন্য ‘জাতীয় সম্মানী কাঠামো’ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘নতুন কুঁড়ি’র আদলে নতুন স্পোর্টস ভার্সন চালুর ঘোষণা দেন তিনি।

জ্বালানি খাতের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দেশীয় অনুসন্ধান অবহেলা করে আমদানিনির্ভর জ্বালানিতে সীমাহীন দুর্নীতি হয়েছে। বর্তমান সরকার দেশীয় গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনছে। এছাড়া প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার ‘প্রবাসী কার্ড’ চালুর কাজ করছে বলেও সংসদকে অবহিত করেন তিনি।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর