ঢাকা: দেশের সরকারি হাসপাতালে শূন্য থাকা পদে দ্রুত চিকিৎসক নিয়োগ দিয়ে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
সোমবার ( ৭ সেপ্টেম্বর ) স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে এই বক্তব্য দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম. এ. মুহিত।
তিনি বলেন, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত ৪১ হাজার ৮০৬টি পদের বিপরীতে ৩০ হাজার ৩১১ জন চিকিৎসক পদে কর্মরত রয়েছেন। ফলে ১১ হাজার ৪৯৫টি পদ শূন্য পড়ে রয়েছে।
তিনি আরও বলেন, দেশের জনসংখ্যার অনুপাতে চিকিৎসকের প্রয়োজনীয়তা নির্ধারণে আন্তর্জাতিক ও জাতীয় মানদণ্ড বিবেচনা করা হয়। একটি সরকারি গবেষণার তথ্য উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন্যূনতম মানদণ্ড অনুযায়ী বাংলাদেশে প্রতি এক হাজার জনের জন্য শূন্য দশমিক ৫০ জন চিকিৎসক প্রয়োজন, সে হিসাবে বাংলাদেশে প্রায় ৮৮ হাজার ৯০৯ জন চিকিৎসক প্রয়োজন।
তিনি বলেন, দেশের মোট চিকিৎসকের সংখ্যা এবং সরকারি সংস্থায় কর্মরত চিকিৎসকের সংখ্যা এক নয়। তাই শূন্য পদগুলো পূরণ ও নতুন পদ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ৪৪তম ও ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ হয়েছে এবং ৪৫তম, ৪৬তম, ৪৭তম ও ৫০তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন নিয়োগ কার্যক্রম চালু রয়েছে। সরকারি সেবাপ্রতিষ্ঠানের মাধ্যমে মানসম্মত সেবাদান সহজ করতে নিয়োগ প্রক্রিয়া চলমান থাকবে।