ঢাকা: আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী জেলার ফুলগাজী উপজেলার ২৭০ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং ১০ জন পুরোহিতকে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সম্মানি ভাতা দেওয়া হবে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ সেলের অষ্টম সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এ তথ্য জানান।
সভায় বিস্তারিত উল্লেখ করে তিনি জানান, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং হিন্দু ধর্মীয় উপাসনালয়সহ অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য সম্মানজনক মাসিক সম্মানি ভাতা নিশ্চিত করতে সরকার ২০২৬-২৭ অর্থ বছরের জাতীয় বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকার বিশাল তহবিল বরাদ্দ রেখেছে। এই যুগান্তকারী সামাজিক কল্যাণ কর্মসূচির আওতায় প্রথম বছরেই সারাদেশে ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় প্রতিনিধিকে সরাসরি ভাতার আওতায় নিয়ে আসা হচ্ছে। পর্যায়ক্রমে আগামী চার বছরের মধ্যে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানের সকলকে এই সুবিধা ও কল্যাণের আওতায় অন্তর্ভুক্ত করার সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করেছে সরকার।
ভাতা বণ্টনে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকতা নিশ্চিত করার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘প্রকৃত সুবিধাভোগীরা যেন কোনো ধরনের প্রশাসনিক হয়রানি, মধ্যস্বত্বভোগী বা অনিয়ম ছাড়াই প্রতি মাসে তাদের প্রাপ্য সম্মানী সরাসরি নিজ অ্যাকাউন্টে পান, তা নিশ্চিত করা হচ্ছে।’
সম্মানি ভাতা দ্রুত ও দুর্নীতিমুক্তভাবে বিতরণ প্রক্রিয়া সচল রাখতে ধর্মীয় মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদফতরের মধ্যে ইতোমধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হওয়ার তথ্য সভায় প্রকাশ করা হয়। এই চুক্তির অধীন আধুনিক ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) সফ্টওয়্যার ব্যবহার করে সরকারি তহবিল থেকে সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে বা জি-টু-পি (G2P) পদ্ধতিতে সরাসরি অর্থ পাঠানো হবে। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ এবং ডেটাবেজে প্রবেশের কাজ দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে এবং আগামী অক্টোবর মাসের প্রথমার্ধে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে সুবিধাভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে বিগত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন মাসের বকেয়া সম্মানি একযোগে জমা হয়ে যাবে।
আয়োজনটিতে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক শীর্ষ কর্মকর্তা উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক পরামর্শ দেন।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।